পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার হাফেজ মো. ইউনুসের মেয়ে। বাবার চাকরির সুবাদে তারা কলাউজান ইউনিয়নের খালাসির পাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মারুফ বিন কবির জানান, হেফজখানায় চাকরির সুবাদে মো. ইউনুস পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার দুপুরের পর আমেনা ও আয়শা বাসার অদূরে বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দুই বোন পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। পরে বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গেলে পানির মধ্যে তার পায়ে একজনের স্পর্শ লাগে। বিষয়টি বুঝতে পেরে তিনি পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করেন।
পরে স্থানীয়রা তাদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম