রাজধানীতে বিআরটিএ’র অভিযানে ত্রুটিপূর্ণ বাসের বিরুদ্ধে ব্যবস্থা
রাজধানীতে ত্রুটিপূর্ণ, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলাচলকারী এবং পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (১ জুলাই) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিআরটিএর ঢাকা মেট্রো-১, ঢাকা মেট্রো-২, ঢাকা মেট্রো-৩ ও ঢাকা মেট্রো-৪ সার্কেলের পৃথক নোটিশে বলা হয়েছে, রাজধানীর যমুনা ফিউচার পার্ক, যাত্রাবাড়ী, কুড়িল ফ্লাইওভার, আবদুল্লাহপুর, মিরপুর-১০ ও মিরপুর-১৩ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ব-১৩-০৭৬৪, ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৩৬, ঢাকা মেট্রো-ব-১২-০৪৯৭, ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪৭, ঢাকা মেট্রো-ব-১৫-০৬৩০, ঢাকা মেট্রো-ব-১৫-৪২৩১, ঢাকা মেট্রো-ব-১৩-০৪০০ এবং ঢাকা মেট্রো-ব-১১-৭০০৪ নম্বরের বাসগুলোকে ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, রংচটা, জরাজীর্ণ ও বিবর্ণ অবস্থায় চলাচল করতে দেখা গেছে।
এর মধ্যে কয়েকটি বাস থেকে কালো ধোঁয়া নির্গমন হচ্ছিল এবং কয়েকটি বাসের ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদও অনেক আগেই শেষ হয়ে গেছে।
নোটিশে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫(১) ও ২৬ ধারা অনুযায়ী ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপূর্ণ, পরিবেশ দূষণকারী অথবা মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদধারী কোনো মোটরযান সড়কে চালানো বা চালানোর অনুমতি দেওয়া যাবে না।
এ অবস্থায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৪(১) ধারা অনুযায়ী কেন এসব বাসের রেজিস্ট্রেশন স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট মালিকদের নির্দেশ দিয়েছে বিআরটিএ। একই সঙ্গে নির্ধারিত তারিখে বাস ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর সংশ্লিষ্ট কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক