জাবিতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও এক বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়।
জাবি সাংবাদিক সমিতির সহযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার আহ্বান
আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু হাসান রাজন এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এনটিভি দেশের গণমাধ্যমে একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।’
বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও সমাজের নানা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে মানুষের সামনে তুলে ধরতে এনটিভি শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সত্য ও জনস্বার্থের পক্ষে গণমাধ্যমের এই সাহসী ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
ফ্যাসিবাদের চোখে চোখ রেখে এনটিভির পথচলা : উপাচার্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি এনটিভির গৌরবময় যাত্রার প্রশংসা করে বলেন, সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে বুকে ধারণ করে ২০০৩ সালে এনটিভি যাত্রা শুরু করেছিল। সেই থেকে আজ পর্যন্ত এনটিভি বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার জগতে অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে।
উপাচার্য আরও বলেন, এনটিভির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও শক্তি হলো—তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে সুদৃঢ় অঙ্গীকার, তা তারা বিগত ফ্যাসিস্ট সরকারের চোখে চোখ রেখে অত্যন্ত সাহসিকতার সঙ্গে পালন করে গেছে। এজন্য এই প্রতিষ্ঠানটিকে অনেক চড়াই-উৎরাই এবং প্রতিকূলতা পার হতে হয়েছে, কিন্তু তারা কখনোই তাদের মূল অঙ্গীকার ও নীতি থেকে বিচ্যুত হয়নি। আশা করি, আগামী দিনেও তারা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এই সাহসিকতা বজায় রেখেই কাজ করে যাবে।
কেক কাটা ও অতিথিবৃন্দের উপস্থিতি
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা করতালির মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং মিষ্টি মুখ করার পাশাপাশি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়