৫ কোটি টাকার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট
চাঁদপুর শহরের পুরান বাজারে যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরান বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা একজনকে তিন হাজার টাকা জরিমানা করেন।
মির্জা ওমর ফারুক বলেন, গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা। পরে জব্দ করা জাল রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তারাসহ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর