বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃদুল মিয়া (৩৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিকআপ চালক নিহত মৃদুল মিয়া রংপুর জেলার পীরগাছা উপজেলার আব্দুল মতিন মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক মৃদুল মিয়ার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ আরও জানায়, খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপ জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। বাস ও পিকআপ আমাদের হেফাজতে রয়েছে, নিহত চালকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

মো. কবির হোসেন, রাজবাড়ী