প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ
গ্রামীণ কৃষিতে প্রযুক্তির প্রসার ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার মেশিন বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। গতকাল মঙ্গলবার (৩০ জুন) ব্র্যাক কিশোরগঞ্জ-১ অঞ্চলের আওতাধীন বিন্নাটি ও পাকুন্দিয়া শাখা থেকে আগত কৃষকদের মাঝে এসব আধুনিক কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।
যন্ত্রপাতি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক কিশোরগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুরাদ, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাত এবং আরএম (জিজেডি) মো. আব্দুল বাতেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক আলমগীর মনসুর, এক্সটেনশন অফিসার লোকমান হোসেন এবং শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন সুজন ও মো. মহব্বত আলীসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পাওয়ার টিলার বিতরণের পাশাপাশি এদিন এলাকার দরিদ্র ও ক্ষুদ্র কৃষকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই আধুনিক কৃষি যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমান কৃষি খাতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় এই আধুনিক যন্ত্রপাতি সরবরাহ টেকসই কৃষির বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে। ব্র্যাকের এই কর্মসূচি গ্রামীণ কৃষিতে প্রযুক্তির ছোঁয়া লাগানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি শ্রমিকের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)