জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনাসদস্যের যাবজ্জীবন
জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে সিরাতুল ইসলাম মোস্তাকিন রনি (২৭) নামে এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সেনাসদস্য সিরাতুল ইসলাম মোস্তাকিন রনি জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
এ মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা মালয়েশিয়া প্রবাসী। সে মায়ের সঙ্গে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে নানার বাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলা শেষে বাকি শিশুরা চলে গেলে আসামি রনি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার চাচার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেয় রনি। পরের দিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর ঘটনার প্রায় দেড় মাস পর, ২০২২ সালের ৫ আগস্ট আক্কেলপুর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।
আদালত দীর্ঘ শুনানি ও আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে রিনি বলেন, এই রায়ের মাধ্যমে সমাজ থেকে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ দমনে আইনের কঠোর শাসনের বার্তা আরও স্পষ্ট হলো। এমন অপরাধ প্রতিরোধে দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখা জরুরি।
এ রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি সেনা সদস্য সিরাতুল ইসলাম মোস্তাকিন রনিকে কড়া নিরাপত্তায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট