করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তার সংশোধনীর প্রস্তাব অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতারা কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ববোধ করবেন।
তারেক রহমান বলেন, এবারের বাজেটে ব্যক্তি করদাতাদের আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ এবং ২০৩০-৩১ কর বছরের জন্য সাড়ে ৪ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।
করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিগত আয়কর অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য ৪ লাখ টাকা এবং ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বছরের জন্য সাড়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা করার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ রাখছি।

নিজস্ব প্রতিবেদক