আলোচিত আর্জেন্টিনা সমর্থক আজাদ মেম্বার যে কারণে কারাগারে
নিজের বাড়ি ও দোকান আকাশি-সাদা রঙে রাঙিয়ে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর আলোচিত আর্জেন্টিনার সমর্থক আজাদ মেম্বারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার (২৮ জুন) দুপুরে সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক আজাদ মেম্বারকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজাদ মেম্বার উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
খোঁজ নিয়ে জানা যায়, আজাদ মেম্বার স্থানীয়ভাবে একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসিকে ভালোবেসে নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশি-সাদা রঙে রাঙিয়ে ‘আর্জেন্টিনা নগর’ গড়ে আলোচনায় আসেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে গরু জবাই করে খাওয়ানোর ঘোষণাও দিয়েছিলেন তিনি। এ কারণে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন টকশোতেও অংশ নিয়েছিলেন। ফুটবলপ্রেমী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় তৃণমূল নেতা ও অনলাইন কর্মী। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন।
সেনবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শ (এএসআই) মো. মিলন বলেন, আসামি আজাদ মেম্বারকে বিকেলে দিকে আদালতে পাঠানো হয়।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী