রেলের উন্নয়নে ৪০ কোটি টাকার প্রকল্প, নোয়াখালী রুটে নতুন ট্রেন
নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ প্রকল্পের আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে একটি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম এবং নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের স্টেশনগুলোর প্ল্যাটফর্ম ছোট হওয়ায় দীর্ঘদিন ধরে যাত্রীরা ওঠানামায় ভোগান্তি পোহাচ্ছেন। সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এটি চালু হলে একযোগে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। এছাড়া প্ল্যাটফর্মের মেঝে পেভিং করা, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ শেষ করা এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধন করা হবে। নোয়াখালীবাসীর যাতায়াত সুবিধার্থে বন্ধ থাকা ‘নোয়াখালী এক্সপ্রেস’ এবং নতুন বরাদ্দকৃত আন্তঃনগর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ খুব দ্রুতই চালু করা হবে বলে জানান তিনি।
রেলপথ আধুনিকায়নের বিষয়ে রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) তানভীরুল ইসলাম বলেন, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮-৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনের জন্য গত ৫ নভেম্বর প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এর আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে।
ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন পরিচালনা প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমানে মিটারগেজ ইঞ্জিনের (লোকোমোটিভ) কিছুটা সংকট রয়েছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এসব ইঞ্জিন ও নতুন কোচ রেলবহরে যুক্ত হলে চলন্ত ‘উপকূল এক্সপ্রেস’ আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ পুরোপুরি চালু করা সম্ভব হবে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী