বরিশালে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে সড়ক অবরোধ
বরিশাল নগরজুড়ে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দুই শতাধিক থ্রি হুইলার যানবাহন আটকে রাখা হয়। ভাড়া নৈরাজ্যের সমাধান করা না হলে এসব যানবাহন ছাড়া হবে না বলেও জানায় তারা।
আজ রোববার (২৮ জুন) সকালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে কলেজের সামনের সড়কে শতবর্ষ গেট ও মসজিদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।
শিক্ষার্থীরা জানিয়েছে, মাসখানেক ধরে নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক এবং সিএনজিচালিত অটোরিকশা ও এলপিজিচালিত থ্রি হুইলার যানবাহনে ভাড়া নৈরাজ্য দেখা দেয়। ন্যায্য ভাড়ার পরিবর্তে খেয়াল খুশিমতো দ্বিগুণ ভাড়া আদায় করছিল এসব যানবাহনের চালকরা। এই নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছিল, এমনকি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে। বিষয়টি সিটি প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও কোনো ফল আসেনি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তবে বিকেল নাগাদ আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসার পাশাপাশি তিন চাকার যানগুলো ছেড়ে দিয়েছে।
অর্থনীতি বিভাগের ছাত্র মো. সাইফুল্লাহ বললেন, শতবর্ষ গেট ও মসজিদ গেটে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে থ্রি হুইলার যানবাহনগুলোর চালকদের কাছে ভাড়া জিজ্ঞাসা করেছে। যারা ন্যায্য ভাড়া নিয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে আর যারা অযৌক্তিক ও জোড় জবরদস্তি করে ভাড়া আদায় করছে তাদের গাড়ি ক্যাম্পাসের মধ্যে আটকে রাখা হয়েছে। শতবর্ষ গেট ও মসজিদ গেট মিলিয়ে দুই শতাধিক থ্রি হুইলার যানবাহন আটকে রাখা হয়েছিল।
ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেন, আগামীকাল সোমবার সকাল ১১টার মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের সমন্বয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হবে। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে গিয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যান চলাচল কিছুটা সমস্যা হয়েছিল। সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল