ইন্সপেক্টর গোলাম মোস্তফা পেলেন সাহসিকতার পুরস্কার
পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ঝুঁকি নিতে হয় মানুষের সম্পদ ও নিরাপত্তা নিশ্চিতে। এমনই এক সাহসী ও সফল অভিযানের জন্য সম্মানিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. গোলাম মোস্তফা। গত ২৬ মে রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে নেতৃত্ব দেন তিনি। উদ্ধার করেন ছিনতাই হয়ে যাওয়া পশুসহ ট্রাক। শুধু তাই নয়, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযানে পরিদর্শক গোলাম মোস্তফা দৃঢ় নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে। তার এই কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সাহসিকতার পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে পরিদর্শক গোলাম মোস্তফার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সহকর্মীরাও তার এই অর্জনকে স্বাগত জানান।

এনটিভি অনলাইন ডেস্ক