জামালপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুরের মাদারগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে রুস্তম আলী (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের ফুলজোড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুস্তম আলী ওই এলাকার সোহরাব আলীর ছেলে। তার পরিবার জানায়, বুধবার সন্ধ্যার দিকে তিনি মাঠে থাকা গরু বাড়িতে নিয়ে আসার জন্য বের হন। সে সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। তিনি গরু নিয়ে ফেরার পথে তার ওপরে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বজ্রাঘাতে রুস্তম আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

আসমাউল আসিফ, জামালপুর