সরকারের উন্নয়ন বরাদ্দে জনগণ যেন উপকৃত হয় : আনোয়ারুল হক এমপি
নেত্রকোনা-বারহাট্টা এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেছেন, সরকারের উন্নয়ন বরাদ্দে জনগণের টাকায় জনগণ যেন উপকৃত হয় সেটাই বাস্তবায়ন করা হবে।
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরসহ বাউসি কংস নদীর ভাঙন এলাকা ও আসমা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে শনিবার (২০ জুন) দিনভর সরকারি প্রকল্পের কাজের মান ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে অধ্যাপক ডা. আনোয়ারুল হক এসব কথা বলেন।
অধ্যাপক ডা. আনোয়ারুল হক আরও বলেন, বিগত সরকারের আমলে টিআর কাবিখার কাজ যে এসেছে সেটা জনগণ জানতই না। গ্রাম এলাকায় ন্যূনতম কাজও হত না। এক জায়গায় তিনবার প্রজেক্ট দেওয়ার ঘটনাও ঘটত। সেই ধারণা আমরা বদলে দিতে চাই। বর্তমানে বারহাট্টায় বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে। সেটা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নেত্রকোনা-বারহাট্টা এলাকার সংসদ সদস্য আরও বলেন, বারহাট্টায় বিএনপির নেতৃত্বে প্রতিটা গ্রামে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না। কাজের মান শতভাগ নিশ্চিতের জন্যই আমার নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিখাসহ অন্যান্য প্রকল্প পরিদর্শনে আসা। আমরা গত ১২ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপিনেতা এসএম শফিকুল কাদের সুজা, বজলুর রহমান পাঠান, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, নেত্রকোনা পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানসহ জেলা ও উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

ভজন দাস, নেত্রকোনা