বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়েবাড়ির উৎসবের ব্যস্ততার মাঝে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। আনন্দঘন এই আয়োজনে শিশুদের বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা আত্মীয়-স্বজনদের নিয়ে ব্যস্ত ছিলেন। দুপুর ১টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকেই মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে এমন অপমৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ থেকে পুলিশকে অবহিত করার নিয়ম থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম বলেন, অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে পুলিশকে অবহিত করার জন্য একাধিকবার মিটিং করে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা সেই কথা আমলে নিচ্ছেন না। এই গাফিলতির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, এমন স্পর্শকাতর ঘটনায় হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশকে দ্রুত জানানো অত্যন্ত প্রয়োজন।

ভজন দাস, নেত্রকোনা