মদ পানে যুবকের মৃত্যু, দুজন হাসপাতালে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদ পান করে সোহাগ মন্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মন্ডল নামের আরও দুজন গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত সোহাগ মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে দেশি মদ পান করার পর সোহাগ, সৈকত ও মজিবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ঘটনার খবর তারা পেয়েছেন। এই ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)