পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলার দক্ষিণ পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিদম (৮) ও রিফাত (৭) পাপরাইল এলাকার নুর মোহাম্মদ ফকিরের নাতি।
ভেদরগঞ্জ থানা পুলিশ ও নিহত শিশুদের পরিবার জানায়, গতকাল বুধবার (৩ জুন) রিফাত তার মা সিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পরে আজ সকালে মামাতো ভাই রিদমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে খেলতে যায়। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। এরপর তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের মামাতো বোন রুমা আক্তার বলেন, সকাল থেকেই দুজনকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বাড়ির পাশের পুকুরে গিয়ে ওদের উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি বাচ্চা দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর