ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট : আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে।
আজ শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইড-সংক্রান্ত একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহ বিষয়টি।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে ভবিষ্যতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। রিপোর্ট পাওয়ার পরপরই পুলিশ দ্রুত চার্জশিট দেবে এবং সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই তা দাখিল করা সম্ভব হবে।
আইনমন্ত্রী আরও জানান, মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ঈদের ছুটির পরপরই আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর হাইকোর্টে অনুমোদনের জন্য পাঠানো হলে পেপার বুক প্রস্তুতে অনেক সময় লাগে, যার ফলে চূড়ান্ত নিষ্পত্তি বিলম্বিত হয়। এই প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় প্রথমে প্রধান আসামির স্ত্রী স্বপ্না আক্তারকে এবং পরে সোহেল রানাকে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক