সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
সন্ধ্যার মধ্যে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে দেশের প্রধান দুটি তীব্রতায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে তীব্র ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নদীবন্দরগুলোতে আকস্মিক কালবৈশাখীর ক্ষয়ক্ষতি এড়াতে আবহাওয়া অফিস সব ধরনের নৌযানকে সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে থেকে চলাচল করার পরামর্শ দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক