বিএনপি নেতাদের হামলা মামলায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম তালুকদার (৪৫) ও তার সহযোগী সিরাজুল ইসলাম সিরাজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে উপজেলার হারতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উজিরপুর মডেল থানা পুলিশ জানায়, স্থানীয় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (২০ মে) উজিরপুরের স্থানীয় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। পরে ভোররাতে প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার ও তার সহযোগী সিরাজকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ ফারুক হোসাইন নিয়মিত মামলার ভিত্তিতে এই অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কমল পূলক, বরিশাল (উজিরপুর)