অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহণের শ্রমিকদের ওপর অতর্কিত হামলা এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহণ শ্রমিকেরা।
শ্রমিকদের দাবি, বুধবার রাতের আঁধারে একদল দুর্বৃত্ত বলাখাল এলাকার একটি স্কুল মাঠে পার্কিং করে রাখা বাসগুলোতে আচমকা হামলা চালায়। দুর্বৃত্তরা অন্তত ১৫টি বাস ভাঙচুর করে এবং বাসে থাকা চালক ও সহকারীসহ প্রায় ২০ জন শ্রমিককে পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, চাঁদপুর-কুমিল্লা রুটের কাউন্টারগুলো বন্ধ এবং কোনো বাস ছেড়ে যাচ্ছে না। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
চিকিৎসাধীন শ্রমিক ও বোগদাদ পরিবহণের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন জানান, স্কুল মাঠে রাখা বাসে তারা যখন বিশ্রামে ছিলেন, তখন একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই ঘটনার পর থেকে সাধারণ শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
শ্রমিক নেতারা স্পষ্ট জানিয়েছেন, এই হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে শ্রমিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহণের সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর