ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির মতবিনিময় সভা
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিশেষ এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা আলহাজ আব্দুস সুবহান।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, সংবাদপত্র বিক্রেতা তথা হকার্স সমাজ আমাদের তথ্যের জগৎকে সচল রাখতে দিনরাত পরিশ্রম করে। তাদের কল্যাণে কাজ করা আমাদের সামাজিক দায়িত্ব।
পরে তিনি মুন্সিরহাট ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে নিজের প্রার্থিতার কথা পুনর্ব্যক্ত করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিরহাট ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষের সমর্থন, সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।
সভাপতির বক্তব্যে আব্দুস সুবহান হকার্স সমিতির সার্বিক কল্যাণে পাশে থাকার জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং সমাজের সৎ, শিক্ষিত ও যোগ্য নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সমিতির অন্য নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক