সেতুর সংস্কার চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজের কারণে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগে যাত্রী ও পরিবহণচালকরা। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করায় এ যানজটের সৃষ্টি হয়।
সওজ সূত্রে জানা যায়, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইকাজ শুরু করা হয় আজ সকাল থেকে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ফলে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে ধীরগতির যানজট সোনারগাঁ হয়ে মেঘনা সেতু ছাড়িয়ে যায়।
তিশা পরিবহণের চালক মনির হোসেন বলেন, এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। সংস্কারকাজ করার আগে বিকল্প ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হতো। ১৫ মিনিটের সড়ক পার হতে ১ ঘণ্টা ২৫ মিনিট লাগছে।
যাত্রী আসাদুল ইসলাম বলেন, যে পথ ১০ মিনিটে যাওয়ার কথা, সেখানে এক ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সময়মতো পৌঁছাতে পারিনি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কম হতো।
ট্রাক চালক রাসেল বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন আস্তে আস্তে গাড়ি চলাচল করছে। দেড় ঘণ্টা বসে থেকে মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। স্বাভাবিক সময়ে এই পথ যেতে আট থেকে ১০ মিনিট লাগে।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় সকাল থেকে ধীরগতিতে যানবাহন চলাচলা করছে। সেতুর এক লেনে সংস্কারকাজ করায় অপর লেন দিয়ে উভয় দিকের যান চলাচল করছে। ধীরগতিতে যান চলাচল করায় মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করছি আজকের মধ্যে যানজট স্বাভাবিক হবে।
নারায়ণগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুর সংস্কারকাজ শেষ হতে বুধবার পর্যন্ত সময় লাগবে। ঢাকামুখী লেনের সংস্কারকাজ আজকের মতো শেষ হয়েছে, এখন চট্টগ্রামমুখী লেনের সংস্কারকাজ চলছে। ইতোমধ্যে ঢাকামুখী দুটি লেন খুলে দেওয়া হয়েছে। আশাকরি অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)