ছাড়পত্রহীন শ্যাম্পু-লিপস্টিক বিক্রি করায় কসমেটিকস ব্যবসায়ীর জরিমানা
রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক ও নেইলপলিশসহ বিভিন্ন প্রসাধনী বিক্রির দায়ে কসমেটিকস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুরে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআইয়ের কোনো বৈধ অনুমোদন ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডার বিক্রি করার অপরাধে সুমন অ্যান্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এছাড়া একই দিনে নগরীর থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্ট নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য রাখার দায়ে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা দেন।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)