নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—মনির হোসেন, আল আমিন, নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।
আহতদের সহকর্মীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ক্যান্টিনে থাকা ব্যক্তিদের হাত, মুখ ও পা দগ্ধ হয়।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরবর্তীতে কেউ একজন আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে চারজন ক্যান্টিন বয় এবং বাকিরা বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কার শরীরের কত শতাংশ পুড়েছে তা নিরূপণ করা হচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)