ফুফুর টাকা হাতিয়ে নিতে ছিনতাই নাটক, ভাতিজাসহ গ্রেপ্তার ৩
ঝিনাইদহের মহেশপুরে নিজের আপন ফুফুর ৬ লাখ টাকা হাতিয়ে নিতে ছিনতাইয়ের নাটক সাজিয়ে শেষ রক্ষা হলো না ভাতিজা লিটন শেখের। পুলিশের সাঁড়াশি অভিযানে ছিনতাই হওয়া অর্থ ও ব্যবহৃত মোটরসাইকেলসহ লিটন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের বাসিন্দা ঘটনার মূল পরিকল্পনাকারী লিটন শেখ (৪০), একই গ্রামের আমিনুর রহমান খান (২৪) ও মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। ঘটনায় জড়িত শাওন বদ্দি নামে অপর এক যুবক বর্তমানে পলাতক রয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম (৫০) জীবননগরের একটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি নিজের ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দত্তনগর মথুরা বীজ উৎপাদন খামারের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছিনতাইকারীরা চলন্ত মোটরসাইকেল থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে সেলিনা বেগম আহত হন।
ঘটনার পর সেলিনা বেগম অজ্ঞাতদের আসামি করে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রথমে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার করা হয় আমিনুর রহমানকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ভাতিজা লিটন শেখ ও সহযোগী বরকত বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, জিজ্ঞাসাবাদে লিটন স্বীকার করেছেন যে, ফুফুর টাকা আত্মসাৎ করতে তিনি নিজেই শাওন বদ্দির সঙ্গে মিলে এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। আমরা ছিনতাই হওয়া ৬ লাখ টাকাই উদ্ধার করেছি।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)