দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীপথে বিশেষ বার্তা
কালবৈশাখীর মৌসুমে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ৪টি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়ার বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বার্তায় জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৈরী আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত ৪টি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে নদী অববাহিকায় অবস্থানরত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং ঝড়ের আভাস পেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঝড়ো হাওয়া প্রধানত উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসতে পারে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে আকাশ মেঘলা থাকার পাশাপাশি আকস্মিক বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে চলাচলে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক