চাঁদাবাজির মামলায় জামিন পাননি মোজাম্মেল বাবু
বনানী থানার চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে জামিন দেননি হাইকোর্ট। আজ মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০২৫ সালের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির।
অভিযোগে বলা হয়েছে, সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন। আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।
এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ। তার পক্ষে করা জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল এই রুল জারি করা হয়।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। মোজাম্মেল বাবু সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
ওই বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আটক করা হয়। এরপর থেকে তারা কারাগারে। বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক