মসজিদে নামাজ চলাকালে মোয়াজ্জিনকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক মোয়াজ্জিনকে হত্যা করা হয়েছে। আজ রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই ঘটনা ঘটে।
নিহত হাফিজ উল্লাহ (৮০) ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজরের নামাজ চলাকালে হাফিজ উল্লাহ যখন সিজদারত অবস্থায় ছিলেন, তখন হঠাৎ জসিম মিয়া (৩০) নামের এক যুবক মসজিদের ভেতরে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে বৃদ্ধ মোয়াজ্জিনের চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে মুসুল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছে। সে ওই একই এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দোকান থেকে বাকিতে পণ্য নেওয়া নিয়ে সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক মুন্না জানান, ফজরের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)