টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এসময় এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২ মে) সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
আটকেরা হলেন–ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে ১০-১২ জনের একটি দল হঠাৎ শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়কে এসে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল করে। মিছিলে নানা স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেক মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ।
ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ছাত্রলীগের মিছিলের ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ঝটিকা মিছিল চলাকালে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক