বজ্রাঘাতে বাবার মৃত্যু, আহত শিশু
রাজবাড়ী সদর উপজেলায় বজ্রাঘাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তান সাফিয়া ছিটকে পড়ে সামান্য আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জৎকোল স্কুল সংলগ্ন বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আহম্মেদ ওই এলাকার সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুমন তার ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজ্রপাতের তীব্রতায় শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্তক্ষরণ হলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী