তেল নেয়া নিয়ে ফিলিং স্টেশনে ইটপাটকেল নিক্ষেপ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যালনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর বাস টার্মিনাল এলাকার লাবণী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে লাবণী ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া হচ্ছিল। তেল সংগ্রহের জন্য প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রাক ও মিনিট্রাকসহ স্থানীয় কৃষকরা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছিলেন। এসময় লাইনের তোয়াক্কা না করে এক ব্যক্তি পাম্প থেকে গ্যালনে তেল নিতে চাইলে অপেক্ষমান গ্রাহকরা তার প্রতিবাদ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এক পর্যায়ে উত্তেজিত জনতা ফিলিং স্টেশন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির মালিক ও চালকদের সঙ্গে অন্যদের মারামারি লেগে যায়। খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় বেশ কয়েকজন ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ালেও কেউ গুরুতর আহত হননি।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঝামেলার সৃষ্টি হয়েছিল। কিছু মানুষ রাস্তার বিপরীত দিক থেকে ঢিল ছুড়েছে। গ্রাহকের চাপ বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর