পলিথিনের ছাউনিতে বসবাস, কালবৈশাখীতে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আরাফাতুন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি মূলত মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা এবং জীবিকার তাগিদে বেদে সম্প্রদায়ের সাথে আত্রাইয়ে অবস্থান করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে ২৫ থেকে ৩০টি বেদে পরিবার পলিথিনের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। আজ সোমবার ভোর থেকে হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ভোরের দিকে ঝড়ের তাণ্ডবে একটি বিশাল ইউক্যালিপটাস গাছ উপড়ে সরাসরি আরাফাতুনের পলিথিনের ছাউনির ওপর পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, বেদে সম্প্রদায়ের এই পরিবারগুলো যাযাবর জীবনযাপন করেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পর আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। শোকসন্তপ্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি এই যাযাবর সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ