সাবেক সেনাকর্মকর্তার স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দের নির্দেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের এবং ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ঢাকার কর অঞ্চল-৯ ও ১০ এর কর কমিশনারকে এই নথিপত্র সরবরাহের নির্দেশ দিয়েছেন। এর আগে দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান আয়কর নথির সার্টিফাইড কপি চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক সেনাকর্মকর্তা নাজিম উদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলমান আছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী ও সন্তানের ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও এর সঙ্গে যুক্ত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
এর আগে গত ২ মার্চ একই আদালত নাজিম উদ্দিনসহ তার স্ত্রী ও ছেলের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজ নথির সত্যায়িত কপি সরবরাহের এই নির্দেশনা এল।

আদালত প্রতিবেদক