জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর নাসিম
সাইবার সুরক্ষা আইনের মামলায় জামিন পেয়েছেন সাবেক ছাত্রশিবিরনেতা ও কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন আদালতে আসামির পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় নাসিমের জামিন আদেশ দেন।
আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এ এম হাসান নাসিমকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। এরপরে তাকে কারাগারে পাঠানো হয়।
এজাহার থেকে জানা গেছে, গত ১৮ এপ্রিল সরকার দলীয় চিফ হুইপ নরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইল করার অভিযোগে মামলা করেন তার একনিষ্ঠ কর্মী পরিচয়দানকারী মো. নজরুল ইসলাম।
এজাহারে বলা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে বাদী দেখতে পান বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর ইসলাম মনিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। পরবর্তীতে ওই আইডি থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যও প্রচার করা হয়।
এজাহারে আরও বলা হয়, এ ছাড়া অজ্ঞাত ব্যক্তিরা হোয়াটস অ্যাপের মাধ্যমে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল করে আসছিলেন। বিষয়টি নিয়ে চিফ হুইপের সঙ্গে আলোচনার পর বাদী গুলশান থানায় মামলাটি করেন।

আদালত প্রতিবেদক