অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১
পাবনায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তিনটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান এবং বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগী পালিয়ে যায়।
আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ডিবির ওসি জানান, আজ ভোরে সদর থানাধীন আরিফপুর হাজিরহাট এলাকায় এ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তির নাম মো. অলি হোসেন (২৬)। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। পলাতক অপর আসামির নাম মো. শুভ ফকির (২৫)।
সংবাদ সম্মেলনে ডিবির ওসি আরও জানান, পুলিশ সুপার আনোয়ার জাহিদের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) বেনু রায় ও এসআই মাহিদুল ইসলামসহ একটি দল ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে হাজিরহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয় তিনটি বিদেশি রিভলভার .২২ বোরের সচল রিভলভার (ব্যারেলে 'Made in Pakistan' খোদাই করা), একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি, হাতুড়ি, প্লাস, স্প্রে পেইন্ট, রড কাটারসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ দুটি স্মার্টফোন।
ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি মিনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অলি হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও শুভ ফকির পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রিভলভারগুলো বেশ উন্নত মানের।
ডিবির ওসি আরও জানান, গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে মাদক মামলা এবং পলাতক আসামির বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র তৈরি ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা