হাদি হত্যা : অস্ত্র বিক্রেতার আদালতে স্বীকারোক্তি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আসামিকে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।
গত ১৪ এপ্রিল চট্টগ্রাম থেকে মাজেদুল হক হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’ নামক দোকানের মালিক। গত ১৫ এপ্রিল ঢাকার সিএমএম আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হয়।
মামলার নথি থেকে জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা সম্পন্ন করেন শরিফ ওসমান হাদি। দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

আদালত প্রতিবেদক