করতোয়া নদীতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চেংঠীহাজরাডাংগা ইউনিয়নের লক্ষীনারায়ণী বালাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- দেবীগঞ্জ উপজেলার চেংঠীহাজরাডাংগা এলাকার রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে লাম্মিম হোসেন (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। রাজু স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং লাম্মিম ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে রাজু ও লাম্মিম করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাঁতার না জানায় একপর্যায়ে সে পানিতে ডুবে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে গিয়ে লাম্মিমও নদীর গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা নদীতে অনুসন্ধান চালায়। বিকেল ৩টার দিকে প্রথমে রাজুর মরদেহ এবং পরে সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাম্মিমের মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আইনি প্রক্রিয়া ও সুরতহাল শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)