১৪ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
রাজধানীর মুগদা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন—আঙ্গুরা বেগম (৪৬) ও ও রহিমা বেগম (২৪)।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে মুগদা থানাধীন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ এই দুই নারীকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
ডিএমপির উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে মাদকের একটি চালান ঢাকা নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল মুগদা থানাধীন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নারী মাদক কারবারি আঙ্গুরা বেগম ও রহিমা বেগমকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা।
এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক