জাটকা ধরায় ১৬ জেলে আটক, ৯ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর উপজেলার পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে নয় জনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় ।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কারাদণ্ডাদেশ পাওয়া জেলের হলেন বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। এদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
মিজানুর রহমান বলেন, দুপুর ১২টা হতে বিকেল ৫ টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক করা হয়। এ সময় চারটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, একটি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সিসি কামরুল ইসলামসহ তার টিম ও নৌপুলিশের দল সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুজনকে তিন মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, তিনজনকে এক মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, তিনজনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং এক জনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

শরীফুল ইসলাম, চাঁদপুর