সরাইলের হাসপাতাল নিজেই একটা রোগী : রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা নিজের নির্বাচনি এলাকা সরাইলের ৫০ সয্যার হাসপাতাল নিয়ে বলেছেন, সরাইলের হাসপাতাল নিজেই একটা রোগীর মতো।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে চলা অধিবেশনে রুমিন ফারহানা এ কথা বলেন।
নিজের নির্বাচনি এলাকার স্বাস্থ্য সেবার বেহাল দশা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।
এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ওষুধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।

নিজস্ব প্রতিবেদক