লালপুরে রেলব্রিজ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
নাটোরের লালপুরে রেলব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু। ছবি : এনটিভি অনলাইন
নাটোরের লালপুরে রেলব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া এলাকার ২১৪ নম্বর রেলওয়ে ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধা রেলব্রিজটি পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এসময় হঠাৎ একটি ট্রেন চলে এলে তিনি দ্রুত ব্রিজ থেকে নামার চেষ্টা করেন। কিন্তু নিরাপদ দূরত্বে সরতে না পেরে একপর্যায়ে আত্মরক্ষার জন্য সেতুর স্লিপারের নিচে বসে পড়েন। তবে শেষ রক্ষা হয়নি, ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)