মৌলভীবাজারের জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে উদ্যোগ নিয়েছে সরকার : শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মৌলভীবাজারের জুড়ীকে আধুনিক কৃষি হাবে রূপান্তরের লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। এ অঞ্চলের উর্বর মাটির সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন আনা সম্ভব।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, জুড়ী অঞ্চলে লাউ, তরমুজ, লেবু ও কলাসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষকদের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে মাটি পরীক্ষা করে উপযোগী ফসল চাষের দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় ভর্তুকি দেওয়া হবে। এ ছাড়া জুড়ীকে কেন্দ্র করে সরকার একটি ‘কৃষকের হাট’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যা সিলেট বিভাগের অন্যতম প্রধান বিপণনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
আন্তর্জাতিক বাজারে কৃষি শ্রমিকের চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, দক্ষ জনশক্তি গড়তে জুড়ীতে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে কৃষি প্রশিক্ষণের পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা কোর্সও চালু করা হবে। আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা নিশ্চিত করা গেলে জুড়ীর কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির উদ্দিন আহমেদ, মো. শওকতুল ইসলাম ও মো. মুজিবুর রহমান চৌধুরী। এ ছাড়া সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।

নিজস্ব প্রতিবেদক