সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের জানাজা সম্পন্ন
সুপ্রিম কোর্টে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ব্যারিস্টার শফিক আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে ব্যারিস্টার শফিক আহমেদের জীবনী তুলে ধরে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক। জানাজায় আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক ও বর্তমান বিচারপতি, বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
এর আগে গতকাল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা যান। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। লিভারজনিত সমস্যার কারণে ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

নিজস্ব প্রতিবেদক