কৃষকদের নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ-জ্বালানি তেল সরবরাহ করছে সরকার : প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি যে সংকট তার আঁচ বাংলাদেশকেও স্পর্শ করেছে। কিন্তু এতে জনগণের যাতে ভোগান্তি শিকার করতে না হয়, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, এখন ইরিগেশন চলছে। তাই কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন তার জন্য সরকার কাজ করছে। কৃষকদের নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থলগুলো পরিদর্শন শেষে আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় তাঁর সঙ্গে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বাস্থ্য বিভাগ ও এসএসএ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, ২৭ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খালের পুনঃখনন কাজে অংশ নেবেন তিনি। এরপর যশোর শহরে ফিরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে যশোরে স্থবির হয়ে থাকা উন্নয়নের চাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে আবার সচল হবে।
তিনি বলেন, ২০০৬ সালে যশোর ঈদগাহ ময়দানে এক ঐতিহাসিক জনসভায় যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। সেই মেডিকেল কলেজ হাসপাতাল যশোরবাসী আজও পায়নি। গত নির্বাচনের আগেও আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল, নির্বাচিত হলে যশোরে এই হাসপাতাল আমরা করবো। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরের প্রস্তুতি উপলক্ষে প্রতিমন্ত্রী আজ সকালে যশোরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরিদর্শন শেষে শার্শা উপজেলার উলাশী খাল পরিদর্শন করেন।

সাইফুল ইসলাম সজল, যশোর