ধানক্ষেতে মিলল নারীর মরদেহ
জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাশেদা বেগম উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সোতার আদর্শ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে রাশেদার প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর তিনি উপজেলার মুনঝার এলাকার বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগে ছিল।
শুক্রবার রাতে স্থানীয়রা বিলের ঘাট সংলগ্ন আদর্শ গ্রামের (গুচ্ছগ্রাম) পাশের একটি ধানক্ষেতে রাশেদার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)