গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে র্যাবের অভিযান, ইয়াবাসহ আটক ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার বাঁধন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের বাসিন্দা মহারাজ মীর (৪৫) ও দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মাসিমপুর এলাকার বাসিন্দা শাহাদত (৩৬)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছ থেকে ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন সেট এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা