হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের ভাই ওয়াজেদ আলী বাদী হয়ে সাতজন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ সাবেক মেয়র আইভীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আজকের শুনানির পর আদালত সেই আবেদন মঞ্জুর করে তার জামিন নামঞ্জুর করেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মূল এজাহারে আইভীর নাম না থাকলেও দীর্ঘ ১১ মাস পর তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, গত ২৬ ফেব্রুয়ারি অন্য মামলায় জামিন পাওয়ার পরদিনই তাকে এই নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যা সম্পূর্ণ হয়রানিমূলক। আইভী একজন গ্রহণযোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে বারবার নতুন নতুন মামলায় জড়িয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাকে পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি সেখানেই বন্দি রয়েছেন। এ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন কেন্দ্রিক হত্যাসহ মোট ১১টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
এর আগে গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় আইভী জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়, যা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আইভীকে কারাগারে রেখেই আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে হচ্ছে।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ