ছিনতাইকারীর গুলিতেই প্রাণ হারাল নিজের সহযোগী
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া স্টিমারঘাট এলাকায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীর গুলিতে সহযোগী সাগর নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেয়াড়া ঘাটের বিকাশ ব্যবসায়ী হায়দার বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে তিনজনের একটি ছিনতাইকারী দল তার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী হায়দার সাহস দেখিয়ে ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরেন।
ধস্তাধস্তির একপর্যায়ে অন্য ছিনতাইকারীরা হায়দারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি তাদেরই সহযোগী সাগরের গায়ে লাগে। এতে সাগর গুরুতর আহত হন এবং ব্যবসায়ী হায়দারও আঘাতপ্রাপ্ত হন। রাতে দুজনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছিনতাইকারী সাগরকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ছিনতাইকারীদের ছোড়া গুলিতেই তাদের সহযোগীর মৃত্যু হয়েছে। ঘটনার পর অন্য ছিনতাইকারীরা পালিয়ে গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। আহত ব্যবসায়ী হায়দার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা