রুট পারমিট না থাকায় ৪ পরিবহণকে জরিমানা
পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের রুটপারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহণকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে নতুন বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।
অভিযানে সেবাগ্রিন লাইন পরিবহণকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহণকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহণকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহণকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানান, রুটপারমিট ছাড়া চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এসব পরিবহণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে এ জরিমানা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহণ মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার আইনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন, পুলিশ সদস্যরা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম গাজী, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম শামীম এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাঈম তালুকদার।
স্থানীয় যাত্রীরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত তদারকির দাবি জানিয়েছে।

রশিদ আল মুনান, পিরোজপুর